back to top

ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মেয়রের

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ০৬:০৩

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি নগরবাসীকে সাথে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার (২১ মার্চ) জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা।

নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, “ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

আসুন, আমরা সকলে মিলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করি।”

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, “আপনারাই আমাদের শক্তি। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারবো। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা।”

এবছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে মেয়র বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে।

নির্বাচিত সরকারের থাকায় আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে ঈদ করছে। নির্ভিঘ্নে এবং নিশ্চিন্তে তারা আজকে ঈদ করছে।

ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু সহ নানা জনমুখী উদ্যোগ নিয়েছে।

ইনশাল্লাহ বিএনপি জনগণকে সাথে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি