জাতীয় ডেস্ক : দেশে জ্বালানি নিয়ে চলমান সংকটের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) একযোগে সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে তার স্থলে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে বদলি করে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিপিসির চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে সংস্থাটির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, বদলি কর্মকর্তাদের আজ (১৬ এপ্রিল) পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগ দিতে হবে।
অন্যথায় আজ (১৬ এপ্রিল) অপরাহ্নে তাদের স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



