back to top

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা: নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদারে মাঠে প্রশাসন

শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের নির্দেশনা

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৯:১৮

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা ২০২৬ ঘিরে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।

সোমবার সকালে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা এবং সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।এসএসসি

পরিদর্শন শেষে মেয়র পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

খাবার ও পানি বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সহ-সভাপতি আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, একই সময় সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জামালখান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী এলাকার কাজেম আলী উচ্চ বিদ্যালয় এবং চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখেন।

জেলা প্রশাসক কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রশাসনের এ ধরনের সক্রিয় তদারকিতে এসএসসি পরীক্ষা আরও সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এসপি