এই শহর অন্য কারও নয়, এই শহর আমাদের সবার।-চট্টগ্রাম শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক মেগাসিটিতে রূপান্তর করতে প্রতিটি নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আকুল আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
গতকাল নগরীর হালিশহরস্থ ‘গ্রীণভ্যালি রেস্টুরেন্ট’ এ মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম কর্তৃক আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান নগর উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
বলেন, শুধু নগর কর্তৃপক্ষের একক প্রচেষ্টায় একটি শহরকে পুরোপুরি নান্দনিক করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।
সিডিএ চেয়ারম্যান বলেন, সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, বাসার ছাদ ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে হবে।
নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য দীর্ঘস্থায়ী করতে সবাইকে প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে চট্টগ্রামকে একটি সত্যিকারের গ্রিন ও ক্লিন সিটিতে পরিণত করতে।
বক্তব্যের এক পর্যায়ে সিডিএ চেয়ারম্যান নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কথা স্মরণ করেন। সন্দ্বীপের সন্তান হিসেবে দ্বীপাঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন তিনি।
মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সভাপতি ক্যাপ্টেন মো. দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুজিত নন্দী।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ হেদায়েত উল্লাহ, মাস্টার শামসুল আলম ও আব্দুর রহমান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হুমায়ন কবীর, আলতাফ হোসেন, আলহাজ্ব শাহ আলম, মো. আব্দুল বায়েস, মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া আকবর, জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফোরকান উদ্দিন রিজভী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আবুল কাসেম, সহ-সভাপতি লায়ন বাবু সুভাষ দাস, সহ-সভাপতি এম. নাজিম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্নাসহ সংগঠনের আরও অনেক সদস্য।

