শত কেমোথেরাপির ধকল শেষে জন্মভূমিতে কাঞ্চন,দোয়া চাইলেন রোজিনা

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ১৮:৪০

বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দায় যার উপস্থিতি কোটি দর্শকের হৃদয়ে স্পন্দন তুলত, সেই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন এখন জীবনের এক কঠিন লড়াইয়ের মুখোমুখি।

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন তিনি। উদ্দেশ্য-পরিবারের সান্নিধ্যে কিছু মানসিক শক্তি সঞ্চয় করা।

সম্প্রতি গুলশানে ইলিয়াস কাঞ্চনের বাসভবনে তাকে দেখতে যান ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী রোজিনা।

দীর্ঘদিনের সহশিল্পীকে এই অবস্থায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কুশল বিনিময়ের পাশাপাশি খোঁজ নেন তার শারীরিক অবস্থার।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করে কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এই অভিনেত্রী।

ফেসবুকে দেওয়া এক স্পর্শকাতর বার্তায় রোজিনা লেখেন, “বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন কিছুদিন আগেই লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন।

তার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় গিয়েছিলাম। ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তবে ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”

অভিনেতার বর্তমান চিকিৎসা পরিস্থিতি নিয়ে তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতি মাসের ১২ তারিখেই ইলিয়াস কাঞ্চনকে পুনরায় লন্ডনে ফিরে যেতে হবে।

এই কঠিন সময়ে দেশবাসীকে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার নিয়মিত চিকিৎসা চলছে।

সে বছরের আগস্টে এক জটিল অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকদের পক্ষে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে তিন ধাপে প্রায় একশত কেমোথেরাপি সহ্য করতে হয়েছে জীবনমুখী এই অভিনেতাকে।

দীর্ঘ লড়াইয়ের পর শারীরিক অবস্থার আশানুরূপ অগ্রগতি না হলেও, কেবল আপনজনদের ছোঁয়া পেতে এবং মনকে কিছুটা স্বস্তি দিতে স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন তিনি।

রূপালী পর্দার এই নায়ক যেন এই কঠিন লড়াই জয় করে আবার পূর্বের রূপে ফিরে আসতে পারেন-এখন এই একটাই প্রত্যাশা তার কোটি ভক্ত ও সহকর্মীদের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি