উৎসবের পথে ওত পেতে ছিল মৃত্যু, মুহূর্তে রূপ নিল স্বজন হারানোর হাহাকারে

কর্ণফুলীতে বেপরোয়া কাভার্ডভ্যানের তাণ্ডবে ঝরে গেল ৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সদস্যসহ চারজন। আহত হয়ে হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত গভীর হয়ে যখন ১টা ২০ মিনিট, কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকা তখন নিস্তব্ধ।

শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বেপরোয়াভাবে ইউটার্ন নিতে গিয়েই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটিকে সজোড়ে পিষে দেয় কাভার্ডভ্যানটি।

মুহূর্তেই ধাতব চুরমারের বিকট শব্দ আর আর্তনাদে কেঁপে ওঠে পুরো এলাকা।

ঘটনাস্থলেই প্রাণ হারান কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা মো. ফেরদৌস আলম (৬২) এবং কিশোরী মিফতা (১৭)। রক্তে ভেসে যায় মহাসড়কের পিচ।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইক্রোবাসের চালক মুন্না (৩২) এবং মোরশেদ আলম (১৮)।

নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে-তারা সকলেই কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা। আত্মীয়ের বিয়েতে অংশ নিতে তারা একসঙ্গেই মাইক্রোবাসে করে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন।

দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কাভার্ডভ্যানটির বেপরোয়া ইউটার্নের কারণেই এই করুণ পরিণতি ঘটেছে।

সড়ক থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ভয়াবহ এই সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।

এই মুহূর্তে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বজনদের করুণ কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো হাসপাতাল প্রাঙ্গণ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি