চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেলে চড়ে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হতে থাকেন।
সেখানে তাঁরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছেন-এমন গোপন সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত যুবকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), একই উপজেলার কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার আরমান (২৪) এবং একই উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, জুমার নামাজের পর কিছু যুবক সংগঠিত হয়ে লিংক রোড এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছিলেন।
খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিকভাবে গিয়ে তাদের ভেস্তে দেয় এবং ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ওপর কোনো ঝুঁকি বা এলাকায় অস্থিতিশীলতা এড়াতে সংবেদনশীল পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


