ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার দর্শনার্থী, চবির দুই শিক্ষার্থী পুলিশের খাঁচায়!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৮

সবুজ পাহাড় ও ঝরনার রূপ-লাবণ্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস দর্শনার্থীদের কাছে এক চিরচেনা আকর্ষণের নাম। তবে এই নয়নাভিরাম প্রকৃতির কোল ঘেঁষে ওঠা ঝরনা এলাকাতেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনা।

বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি।

আটককৃত দুই শিক্ষার্থী হলেন-বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।

ভুক্তভোগী আসহাব উদ্দিনের ভাষ্যমতে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি চবির ঝরনা এলাকায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যান। কিন্তু সেখানে গিয়েই ঘটে বিপত্তি। অভিযুক্ত শিমুল ও তার সহযোগী শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে ভয়ভীতি দেখাতে শুরু করে।

একপর্যায়ে তার ছবি ও ভিডিও ধারণ করে চতুরতার সঙ্গে জিম্মি করা হয় তাঁকে। এরপর জোরপূর্বক তার কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আরও ১ হাজার ২০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর আর বসে থাকেনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রক্টরিয়াল বডি। ভুক্তভোগী আসহাব উদ্দিনের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল বডির মুখোমুখি হলে তারা তাদের এই অপরাধের কথা স্বীকার করে নেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝরনা এলাকায় ঘুরতে আসা এক দর্শনার্থীকে ভয় দেখিয়ে, ছবি-ভিডিও ধারণের মাধ্যমে নগদ ও বিকাশে টাকা আদায়ের নির্দিষ্ট অভিযোগ আসে।

প্রাথমিক জিজ্ঞাসাসাবাদেই অভিযুক্তরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে ভুক্তভোগী থানায় প্রাতিষ্ঠানিক মামলা দায়ের করলে রাতের বেলাতেই তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগপত্রও দাখিল করেছেন ভুক্তভোগী।

জ্ঞানের আলো ছড়ানোর বিদ্যাপিঠে কতিপয় শিক্ষার্থীর এমন গর্হিত কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

অনেকেই ঝরনা ও সংলগ্ন পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি