চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।
মঙ্গলবার হাটহাজারী থানাধীন চারিয়া নয়াহাট বাজার এলাকায় এক সুনির্দিষ্ট ও ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারকৃত মো. শহীদুল্লাহ হাটহাজারীর খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হত্যা মামলার পর আত্মগোপনে ছিলেন।
এসআরবি-৭ চট্টগ্রাম সূত্রে জানা যায়, হত্যা মামলার পলাতক আসামি শহীদুল্লাহ হাটহাজারী এলাকায় অবস্থান করছেন-এমন গোপন তথ্য হাতে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তথ্যের সত্যতা যাচাই করে র্যাব-৭ এর একটি চৌকস দল চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষ করে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবির এই তাৎক্ষণিক ও সফল অভিযানে এলাকায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


