১৩ মামলার আসামি পটিয়ার ‘বালু সাইফুল’ এবার পুলিশের হাতে

ভোররাতে পূর্ব হাইদগাঁও থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৬

চট্টগ্রামের পটিয়ায় অপরাধ সাম্রাজ্যের অন্যতম বিতর্কিত নাম মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম-যিনি এলাকায় একনামে পরিচিত ছিলেন ‘বালু সাইফুল’ হিসেবে।

অপহরণ, চাঁদাবাজি, মারামারি থেকে শুরু করে বিস্ফোরক আইন-কী নেই তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকায়!

অবশেষে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন পটিয়ার এই আলোচিত মুখ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল (৩৯) নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্যমতে, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় অন্তত ১৩টি গুরুতর অভিযোগের মামলা রয়েছে।

এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগে আসামি করা হয়েছে।

একই বছরের ২০ আগস্ট দায়ের হওয়া আরেক মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাতেও তিনি আসামি।

এ ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, এসব মামলার পরিপ্রেক্ষিতেই সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার সকালে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

‘বালু সাইফুল’ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন পটিয়াবাসী।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি