চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. আরিফ (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়া পুকুর পাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ ওই এলাকার আবু জাফরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি পটিয়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, সম্প্রতি ২৪-এর আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে আরিফের নাম উঠে আসে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি গোপন সূত্রে খবর আসে, আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে আরিফ পুনরায় এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কার্যক্রম পুনর্গঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
এমন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হাইদগাঁওয়ের মিয়া পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অতর্কিত এই অভিযানে তার নিজ ঘর থেকেই গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে।
২৪-এর আগস্টের আন্দোলনের সময় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির সাথে তার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ রয়েছে। আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


