শুভকে পাশে নিয়ে কেয়া পায়েলের হ্যাপিলি ম্যারিড! হঠাৎ কী ঘটেছিল?

চর্চার আড়ালে চমকপ্রদ যেসব তথ্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১

গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দুই শব্দের পোস্ট দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভেরিফায়েড ফেসবুকে লেখা ছিল-হ্যাপিলি ম্যারিড। সঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভর হাসিমুখের ছবি!

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটপাড়ায় গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে-তবে কি চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসে পড়লেন এই গুণী অভিনেত্রী? ভক্তদের মনের সেই ঘোর কাটতে অবশ্য বেশি সময় লাগেনি।

জানা যায়, আসল ঘটনা কোনো বাস্তব বিয়ে নয়, বরং তা ছিল কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর অফিসিয়াল ঘোষণা।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে জাহিদ প্রীতমের পরিচালনায় এবং ছবিয়াল-এর সহপ্রযোজনায় নির্মিত এই চরকি অরিজিনাল ফিল্মটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাচ্ছে।

মুক্তির দিনক্ষণ ঘোষণার পর থেকে আবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন কেয়া পায়েল। কমেন্ট বক্সে নেটিজেনদের একটাই প্রশ্ন-বাস্তব জীবনে ঠিক কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় উঁকি দেওয়া এই কৌতূহল এড়িয়ে যাননি অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে হাসিমুখে উত্তর দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে।

কেয়া বলেন, আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন যার ভাগ্যে যা লেখা আছে, তখনই তা হবে এবং সবাই জানতে পারবে। তবে আমার মনে হয়, কাজটা খুব হুট করেই হয়ে যাবে!

তবে ব্যক্তিগত জীবনের প্রশ্ন আপাতত দূরে সরিয়ে রেখে কাজের ব্যস্ততায় ডুব দিয়েছেন এই অভিনেত্রী।

নাটক, বিজ্ঞাপন কিংবা ফ্যাশন রানওয়ে-সবখানেই এখন তাঁর সরব উপস্থিতি। অক্টোবর মাসের শুরুতেই পেশাগত কাজে উড়াল দিচ্ছেন দেশের বাইরে, ফিরবেন মাসের শেষের দিকে। তাই যাওয়ার আগে জমে থাকা কাজগুলো দ্রুত গুটিয়ে নিচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে টিভি নাটকে দ্যুতি ছড়ানো কেয়া পায়েলকে বড় পর্দায় কিংবা নতুন প্ল্যাটফর্মে দেখার আগ্রহ ভক্তদের দীর্ঘদিনের।

এ বিষয়ে কেয়া জানান, ওয়েব প্ল্যাটফর্মের সুযোগ অনেক আগে থেকেই আসছিল। তবে তিনি অপেক্ষা করছিলেন বিশেষ কিছু করার। আমি চাই নাটকের বাইরের কোনো কাজের ক্ষেত্রে দর্শকেরা যেন এক ভিন্ন ও স্পেশাল পায়েলকে দেখতে পান।

‘হ্যাপিলি ম্যারিড’ আমাকে ঠিক সেই নতুন রূপেই উপস্থাপন করবে,-আশ্বাসের সুরে বলেন তিনি।

এ ছাড়া এই ফিল্মের অন্যতম প্রধান আকর্ষণ সহ-শিল্পী হিসেবে চিত্রনায়ক আরিফিন শুভর উপস্থিতি। অভিজ্ঞ এই তারকার প্রশংসায় পঞ্চমুখ কেয়া বলেন, একজন হিরোর যেসব গুণ থাকা উচিত এবং সেটে তাঁর যে ধরনের ব্যক্তিত্ব সবাই আশা করে, শুভর মধ্যে তার সবটুকু বিদ্যমান। কাজের শুরুতেই তিনি আমাকে ভীষণ সাহায্য করেছেন। ফলে কাজটা করা আমার জন্য খুব সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

সেনশন প্রেজেন্টস ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে নিজের রোমাঞ্চ আর লুকাননি কেয়া পায়েল। ভক্তদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান গল্পনির্ভর ও ব্যতিক্রমী এই কাজটি দেখার। তিনি আশাবাদী, নতুন এই ভিন্নধর্মী রূপ দর্শকের হৃদয়ে দীর্ঘস্থায়ী এক সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি