মিরসরাই শিল্পাঞ্চলে হঠাৎ আতঙ্কের ছায়া: ফার্নেসের ত্রুটিতে ঝরলো র’ক্ত

গলিত লোহার আগুনে চীনা নাগরিকসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৫

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কর্মমুখর এক দুপুরে হঠাৎ নেমে এলো আতঙ্ক ও ধোঁয়ার কুণ্ডলী। প্রতিদিনের মতো সেদিনও কারখানাটিতে চলছিল লোহা গলানোর প্রচণ্ড ব্যস্ততা। কিন্তু সামান্য এক ত্রুটি মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে দিল।

১ হাজার ডিগ্রিরও বেশি তাপমাত্রার ফুটন্ত গলিত লোহা আচমকা ছিটকে পড়ল চারপাশের কর্মীদের ওপর। অগ্নিশিখা ও উত্তপ্ত লোহার আঘাতে ঝলসে গেলেন তিন বাংলাদেশি শ্রমিক এবং এক চীনা নাগরিক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ঠিক ১টা ৪৫ মিনিটের দিকে মিরসরাইয়ের ‘ফার্মিক স্টিল লিমিটেড’ এর কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার আকস্মিকতায় কারখানা প্রাঙ্গণে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। চারিদিকে ছড়িয়ে পড়ে খবর-বয়লার বিস্ফোরণ ঘটেছে! তবে এটি বয়লার বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ।

তিনি জানান, বয়লার বিস্ফোরণের যে তথ্যটি লোকমুখে ছড়িয়েছে তা সঠিক নয়। মূল ঘটনাটি ঘটেছিল গলিত লোহার চুল্লিতে (ফার্নেস)। ফার্নেসের কারিগরি ত্রুটির কারণেই তরল লোহা চারদিকে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল, সাইফুল এবং চীনা প্রকৌশলী/কর্মকর্তা জেংলিং হং।

দুর্ঘটনা ঘটার পরপরই কারখানার কর্মকর্তা ও অন্যান্য শ্রমিকদের তৎপরতায় আহত চারজনকে দ্রত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চর শরৎ পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (এবি) বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কোম্পানি কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তবে কারিগরি ত্রুটির নেপথ্য মূল কারণ অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে।

শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আহতদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় ধরনের বিপদের আশঙ্কা কেটে গেছে এবং তারা আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন। কারখানার পক্ষ থেকেও জানানো হয়েছে, আহতদের সাথে কথা বলা সম্ভব হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি