বাঁশখালীতে অভিযানে ধরা পড়লেন আ’লীগ নেতা ও অর্থ জোগানদাতা দিদার!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৫:৫৪

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে ধরা পড়েছেন খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বার (৪৮)।

শনিবার উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তার দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সোলাইমানের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সংগঠক এবং দলীয় আর্থিক সহায়তার মূল জোগানদাতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন এই আ’লীগ নেতা।

অবশেষে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মূলত সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, বিশেষ অভিযান পরিচালনা করে আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার কাজ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি