চট্টগ্রাম রেঞ্জে রেকর্ড অভিযান: এক দিনেই ৯৯৭ গ্রেফতার

কিশোর গ্যাং ও মাদক চক্রের ওপর পুলিশের কঠোর থাবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৭:৪২

চট্টগ্রাম বিভাগ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে ৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বিরোধী এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যই রয়েছে ৫৬৭ জন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ জন সদস্যকেও আটক করা হয়েছে।

গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টার এই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৭ জন এবং পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা ১১৬।

সাজা পরোয়ানাভুক্ত ২৪ জনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় ৫২ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযান পরিচালনাকালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এর মধ্যে রয়েছে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাজা, ১২৪ লিটার চোলাই মদ, ৮ বোতল বিদেশি মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, আদায় করা হয়েছে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা এবং নতুন করে ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে আটক ৫৬৭ জন কিশোর গ্যাং সদস্যের মধ্যে ৩৮৬ জনকে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অপরাধের তীব্রতা বিবেচনা করে বাকি ১৮১ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সর্বোচ্চ ১৯৭ সদস্য আটক হয়েছে কুমিল্লায়। এছাড়া চট্টগ্রামে ১১০, লক্ষ্মীপুরে ৬৮, চাঁদপুরে ৪৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, নোয়াখালীতে ৩৯, রাঙামাটিতে ২০, কক্সবাজারে ১৫, ফেনীতে ১২, বান্দরবানে ১০ এবং খাগড়াছড়িতে ৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের গ্রেফতার ১১ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে কুমিল্লার ৩ জন, নোয়াখালীর ৩ জন, ফেনীর ২ জন এবং চট্টগ্রাম, চাঁদপুর ও খাগড়াছড়ির ১ জন করে সদস্য রয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি