চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার চাঞ্চল্যকর ও নির্মম কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে এ সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে বগাকে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনি এলাকার একটি বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নিহত হৃদয় পেশায় একজন ভ্যানগাড়ির সবজি বিক্রেতা ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কাজ করেছে ওই এলাকার কিশোর গ্যাংগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব।
স্থানীয় তথ্যমতে, পাহাড়তলী ও খুলশী কেন্দ্রিক ‘৫জি’ এবং ‘৭জি’ নামের দুটি প্রভাবশালী কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ ‘৭জি’ গ্রুপের সদস্যরাই পূর্বপরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। আর এই অপরাধী বলয়টি পেছন থেকে নিয়ন্ত্রণ করতেন ওয়াকিল হোসেন বগা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকায় কিশোর অপরাধ বিস্তার এবং গ্যাং পরিচালনার পেছনে বগার সরাসরি ইন্ধন ও নিয়ন্ত্রণ ছিল।
তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর মাধ্যমে হত্যাকাণ্ডের মূল নেপথ্য কারিগরদের জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


