আইনের ফাঁকফোকর গলে আর কতদিন পালিয়ে থাকা যায়? শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো ১২ বছরের এক শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিদের।
পটিয়া থানার একটি চাঞ্চল্যকর মামলায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকা বাবা ও ছেলেকে অবশেষে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন-পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়ার বাসিন্দা উত্তম মল্লিক (৪৫) এবং তাঁর ছেলে আদিত্য মল্লিক (২১)।
পুলিশ ও মামলার নথিসূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় ১২ বছরের এক শিশুকে অপহরণ এবং পরবর্তীতে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর ধারায় দায়ের করা ওই মামলায় নাম ওঠে উত্তম মল্লিক ও তাঁর ছেলে আদিত্য মল্লিকের।
ঘটনার পর থেকেই আইনের হাত থেকে বাঁচতে তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে বেড়াতে শুরু করেন এই বাবা-ছেলে। দীর্ঘ দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এই পলাতক বাবা-ছেলেকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃতদের কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


