চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (৩১ অক্টোবর) রাতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকার মিয়া মেম্বারের বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।
রবিবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে ‘Made In USA’ খোদাই করা রয়েছে।
এ সময় অস্ত্রটির সঙ্গে সংযুক্ত পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনও জব্দ করা হয়।
এ ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় দায়ের করা এই মামলাটির নম্বর-১৮ (তারিখ: ৩১ অক্টোবর ২০২৬)।
আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


