চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত এক কনস্টেবলের শটগান ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া রুস্তমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ফরহাদ হোসেন মাফি (১৯), মো. রিফাত (১৬) এবং মামুনুর রশিদ (২০)। তারা সবাই উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া রুস্তমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
ওই সময় সাতকানিয়া থানা পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয় এবং ক্ষুব্ধ জনতা কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তে জড়িতদের শনাক্ত করার পর রবিবার দিবাগত রাতে পূর্ব নলুয়া এলাকার রুস্তমপাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


