রেলওয়ে কলোনির ভাড়া বাসায় অভিযান: ১৩ মামলার আসামি শাহ আলমসহ গ্রেপ্তার ৩

রামদা-কিরিচ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২৩:৩৪

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি শাহ আলম (২৫) সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ছয়টার দিকে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীতে রেলওয়ে স্টেশন কলোনির একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন-মো. তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আবদুল্লাহ আল নোমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৫ নভেম্বর সদরঘাট থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় (দস্যুতা) একটি মামলা দায়ের করে গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।

সিএমপির পুলিশ নথির তথ্য অনুযায়ী, শাহ আলমের বিরুদ্ধে সদরঘাট, কোতোয়ালী ও চট্টগ্রাম রেলওয়ে থানায় অস্ত্র আইন, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এর মধ্যে সদরঘাট থানার একটি জিআর পরোয়ানাও ঝুলছিল তাঁর বিরুদ্ধে।

২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে দায়ের হওয়া এসব মামলার পর আইনি প্রক্রিয়া শেষে তিন আসামিকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি