চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক পন্থিছিলা এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) এবং তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন বলেন, সকালে পন্থিছিলা এলাকায় দুর্ঘটনার পর নিহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


