মাইশার মৃত্যুর ঘটনায় আন্দোলনের মুখে ডিবির হাতে ধরা পড়ল ঘাতক চালক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৭টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে এক ঝটিকা অভিযান চালিয়ে চালক মো. রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা মামলার প্রধান অভিযুক্ত তিনি।

সহপাঠীকে হারানোর শোকে ও ক্ষোভে ফেটে পড়ে আইআইইউসির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান নেয়।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে বন্দরনগরীর সঙ্গে সারাদেশের সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি অচল হয়ে পড়ে।

শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা ছিল-ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে পৌঁছান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন। শিক্ষার্থীরা ঘাতক চালকের দ্রুত গ্রেফতারসহ ৫ দফা দাবি উত্থাপন করেন।

জেলা পুলিশ সুপারের দৃঢ় প্রতিশ্রুতি ও আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীদের দেওয়া সময়ের গুরুত্ব উপলব্ধি করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম।

আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৭টার দিকে পাঁচলাইশ এলাকা থেকে অভিযুক্ত চালক মো. রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ মর্মান্তিক ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

সহপাঠীকে হারিয়ে আইআইইউসি ক্যাম্পাসে এখন শোকের মাতম।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি