শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন আবারও তুঙ্গে। এবার আর কোনো রাজনৈতিক মন্তব্য বা অনুমানের ওপর ভিত্তি করে নয়-ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জমা পড়েছে।
সোমবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
লন্ডনভিত্তিক খ্যাতনামা আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীদের মাধ্যমে গত সপ্তাহে এই আবেদন পাঠানো হয়।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার খবরে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
চিঠিতে বাংলাদেশি নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে অতি দ্রুত তাঁর নতুন পাসপোর্ট ও NID ইস্যু করার জন্য জোর দাবি জানানো হয়।
রয়টার্স জানিয়েছে, তারা আইনি চিঠির অনুলিপিটি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ও প্রত্যক্ষ ইঙ্গিত।
তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাসপোর্টের যাবতীয় আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ামাত্রই তাঁর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলন দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন।
তবে শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন শেখ হাসিনা।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছিল রয়টার্স।
তবে প্রতিবেদন প্রকাশের সময় তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


