রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইলিয়াস আলী নামের এক প্রবাসী ও তাঁর সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা প্রবাসীর পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালায় এবং স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন-প্রবাসী ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৯টার দিকে সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়।
সেখানে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে আপস-মীমাংসার কথা বলে ডেকে আনা হয়। পরে তাঁদের বাড়ির সামনে এনে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করা হয়।
এ সময় হামলাকারীরা ইলিয়াসের স্ত্রী ও ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদের ওপরও চড়াও হয় এবং মারধর করে।
তাঁরা প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহতদের আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদা না পাওয়ার ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়েছে।
তাঁদের দাবি, সারোয়ার নামের ওই ব্যক্তি গত দুই মাস ধরে প্রবাসী ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোই এই পরিকল্পিত হামলার মূল কারণ।
ঘটনার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় তাঁদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলেই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।


