ইউএনওর বাংলোয় সাংবাদিক লাঞ্ছনা, এবার আদালতে দুর্নীতির মামলা!

তোলপাড় লোহাগাড়ায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৮

লোহাগাড়ায় ক্ষমতার অপব্যবহার, সরকারি বাংলোয় সাংবাদিককে ডেকে নিয়ে মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং দ্বিতীয় দফায় হামলার চেষ্টার অভিযোগের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দুর্নীতির মামলা।

সাবেক ও বর্তমান ইউএনওসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন স্থানীয় এক বাসিন্দা।

আদালত আগামী ১৭ নভেম্বর মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতার চরম ঔদ্ধত্যের শিকার হয়েছেন এক গণমাধ্যমকর্মী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দের সরকারি বাংলোয় ডেকে নিয়ে জাতীয় সাপ্তাহিক ‘সময়ের প্রয়াস’-এর প্রতিনিধি মিজানুর রহমানকে মারধর, মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় সাংবাদিক সমাজসহ সর্বত্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি বাংলোয় ডেকে নিয়ে নির্যাতন

ভুক্তভোগী সাংবাদিক মিজানের ভাষ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হেলাল তাকে ফোন করে ইউএনওর সরকারি বাংলোয় যেতে বলেন।

সরল বিশ্বাসে সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এসময় ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ প্রকাশিত সংবাদ নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বাংলোর ভেতরে আগে থেকেই উপস্থিত ছিলেন স্থানীয় খোরশেদ, মাঈন উদ্দীনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি-যাদের অনেকেই নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।

ইউএনওর প্রত্যক্ষ উপস্থিতিতেই ওই ব্যক্তিরা সাংবাদিক মিজানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক বাংলো থেকে বের করে দেন।

থানায় যাওয়ার পথে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা

মারধরের শিকার হয়ে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সাংবাদিক মিজান। এরপর এ ঘটনায় আইনি সহায়তা চাইতে থানায় যাওয়ার পথেও তার পথরোধ করে পুনরায় হামলার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে লোহাগাড়া থানায় আশ্রয় নেন তিনি। গভীর রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়েরের আইনি প্রক্রিয়া চললেও বাইরে অবস্থান করছিলেন প্রভাবশালীর অনুসারী হামলাকারীরা।

এ ঘটনায় অভিযুক্ত ইউএনওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মিজান।

এর আগে ইউএনওকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বলে জানা গেছে।

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ন্যায়বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ ‘র মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সাংবাদিক মিজানের ওপর হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমে কোন মন্তব্য করেননি।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও গণমাধ্যমকে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করবেন বলে জানান।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি শোনার পর আমার নিজেরও খুব খারাপ লাগছে। আমি যেহেতু বিষয়টি অবগত হলাম, এ বিষয়ে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসককে জানাচ্ছি।

দুর্নীতি ও ওয়াকফ সম্পত্তি দখল: আদালতে মামলার জালে ইউএনও

সাংবাদিক লাঞ্ছনার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লোহাগাড়ার বর্তমান ও সাবেক নির্বাহী অফিসারসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করা হয়েছে।

গত ৫ নভেম্বর দুপুরে লোহাগাড়ার বাসিন্দা মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে-জান্নাত আরা বেগম, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দ, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, সাবেক উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছির আহসান জাকির এবং লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর।

এ ছাড়া মামলায় বিবাদী করা হয়েছে আশরাফুল, দিদারুল আলম, কামাল, মানিক, শওকত হোসেন, শমসু, মহিউদ্দিন ভুট্টু, আবু তাহের, মোফাচ্ছেল, অনিক প্রকাশ মেহেদী, জাহাঙ্গীর ও শাহ আলমকে।

মামলার ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে লোহাগাড়া থানাধীন সদর ইউনিয়নের সরকারপাড়া আহমদর রহমান ওয়াকফ এস্টেট, দরবেশ হাট ও ঈদগাহ মাঠ।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৭ নভেম্বর গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দীন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র তথ্য গোপন ও পরস্পর যোগসাজশের মাধ্যমে লোহাগাড়া থানাধীন সদর ইউপি সরকারপাড়া আহমদর রহমান ওয়াকফ এস্টেট ও দরবেশ হাট ঈদগাহ মাঠের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ আনা হয়েছে।

জান্নাত আরা বেগম এবং বর্তমান ইউএনও বায়েজীদ-বিন-আখন্দের সহযোগিতায় ও ক্ষমতার অপব্যবহারে ওই জমিতে মদ, জুয়া, নাচ-গানসহ নানা অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

ওয়াকফ সম্পত্তির মতো ধর্মীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট জায়গা কীভাবে একটি চক্রের নিয়ন্ত্রণে গেল, কারা এর সুবিধাভোগী এবং প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল-এসব প্রশ্নও মামলার অভিযোগে উঠে এসেছে।

বাজার কমিটি, চাঁদাবাজি ও ২০ থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মামলার অভিযোগে লোহাগাড়ার দরবেশহাট বাজারের অস্থায়ী বাজার কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বাদীর দাবি, গত অক্টোবর মাসে নির্বাহী কর্মকর্তা একটি অবৈধ কমিটি গঠন করে দেন। ওই কমিটির মাধ্যমে স্থানীয় দোকানদার, অটোরিকশাচালক ও বাজারের ইজারাদারদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

এ ছাড়া আরাকান হাইওয়ের দুই পাশে দোকান নির্মাণ এবং বিভিন্ন স্থানে অবৈধভাবে গাড়ি রাখার জায়গা তৈরি করে যানবাহনের মালিকদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে অর্থ আদায়ের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দলিল তৈরি করে আহমদর রহমান ওয়াকফ মসজিদের সম্পত্তি বিক্রি এবং এর মাধ্যমে ২০ থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ। একই সঙ্গে মসজিদের জায়গায় গরুর হাট বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগও করেছেন বাদী।

ক্ষমতার অপব্যবহার করে সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি এবং সংবাদকর্মীদের ওপর এমন নগ্ন হামলা বিচারহীনতার সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

১৭ নভেম্বর আদালতে শুনানি

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৭ নভেম্বর গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন আদালত মামলার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।

এখন দেখার বিষয়, আগামী ১৭ নভেম্বর আদালতের শুনানিতে এই দুর্নীতির পাহাড় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কী চূড়ান্ত রায় আসে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি