কাগজে-কলমে তিনি ছিলেন কেবলই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ‘প্রটোকল অফিসার’। তবে তার নাম ভাঙিয়ে তৈরি করা হয়েছিল ভুয়া এক কোম্পানি, আর সেই প্রতিষ্ঠানের নামেই ব্যাংক থেকে তুলে নেওয়া হয় নগদ ২৫ কোটি টাকা।
অভিযোগ উঠেছে, অনুমোদিত এই বিপুল অঙ্কের ঋণ ব্যাংকের ভল্ট থেকে সরাসরি পাড়ি জমায় বিদেশে, কেনা হয় আলিশান স্থাবর সম্পত্তি।
আদালতের এজলাসে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের পর্ব চুকিয়ে অবশেষে ব্যাংকিং খাতের চাঞ্চল্যকর এই অর্থ পাচার মামলার রায়ের চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের দায়ে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ আসামির ভাগ্যের ফয়সালা হবে আগামী ১৯ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত উভয়পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া নথির মিশেলে অর্থ হাতিয়ে নেওয়ার পুরো ছকটি সাজানো হয় ২০১৯ সালের শেষভাগে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজানো হয়েছিল আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে। তাঁর নামে ইউসিবি থেকে অনুমোদন করানো হয় ২৫ কোটি টাকার ঋণ।
পরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।
এতে জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।
এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।
পরবর্তী সময়ে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। তবে দুই আসামির মৃত্যু হওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পুরো মামলা জুড়ে রাষ্ট্রপক্ষ থেকে ৯২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এখন অপেক্ষা ১৯ নভেম্বরের। ২৫ কোটি টাকা ঋণের আড়ালে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগে মামলাটি করা হয়েছে, সেই অভিযোগের বিচারিক নিষ্পত্তিতে সেদিন আদালতের রায়ের দিকে তাকিয়ে থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


