চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
গত কয়েক দিনে বিমানবন্দরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া যাত্রী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাস ফেরত ও দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন আগমন-প্রস্থান নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।
এছাড়া বিমানবন্দরের অভ্যন্তরীণ বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং টার্মিনালের ড্রাইভওয়েতে যানবাহনের বিশৃঙ্খলা রুখতে গত কয়েক দিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
অভিযানকালে বিমানবন্দরের পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে নিয়মনীতি তোয়াক্কা না করে গাড়ি পার্কিং এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ৫ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিমানবন্দরে আসা যাত্রীদের প্রলুব্ধ করা, অনাকাঙ্ক্ষিত বখশিস দাবি ও নানাভাবে হয়রানির দায়ে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত এবং বিমানবন্দরের সার্বিক সেবার মান উন্নত রাখতে এই ধরণের কঠোর ও ব্যতিক্রমী মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


