চট্টগ্রাম নগরের সড়ক ও ফুটপাত জনস্রোতের উপযোগী ও দখলমুক্ত রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এ সময় রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা শতাধিক স্টিল ও কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১২টি টং দোকান।
আইন অমান্য করার অপরাধে ১৩টি মামলায় মোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় থেকে জুবিলী রোড, তিন পোলের মাথা হয়ে এনায়েত বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
চসিকের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সোয়েব উদ্দিন খান।
চসিক সূত্র জানায়, অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতের ওপরে নানা উপায়ে অবৈধভাবে বসানো বিভিন্ন স্টিল ও কাঠের চৌকি অপসারণ করা হয়। পাশাপাশি যত্রতত্র গড়ে ওঠা ১২টি টং দোকান জব্দ করা হয়।
পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো এবং অবৈধ দখলের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নগরের সড়ক ও ফুটপাত সার্বক্ষণিকভাবে দখলমুক্ত রাখা এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


