সিটি গেটে ৩ কেজিরও বেশি ওজনের অবৈধ স্বর্ণসহ ধরা চোরাকারবারি সুধীর

বিশেষ ক্ষমতা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৮:২৬

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট সংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি একজন স্বর্ণ চোরাকারবারি।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনা এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মোু. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সিটি গেট এলাকায় দায়িত্ব পালনকালে চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করেন।

পরে তাঁর কাছ থেকে ওই পরিমাণ অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৪, তারিখ ১২ নভেম্বর ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি