চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান থেকে খাবার খেয়ে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আবির উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে আসেন।
এ সময় নাজিরহাটমুখী একটি বেপরোয়া গতির অজ্ঞাত হায়েস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই আবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) শামসুজ্জামানও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


