চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
গ্রেপ্তার হেলাল হোসেন উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের রূপনগর কলোনি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হেলাল হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বসতঘরে প্রবেশ করে হত্যাচেষ্টার অভিযোগে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা রয়েছে।
ওই মামলার পরিপ্রেক্ষিতেই গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে হত্যাচেষ্টা মামলার আসামি ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে শনিবারই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


