নিমতলা ফ্লাইওভারে পুলিশের জালে রাশেদুল, ব্যাগে মিলল ৯ হাজার ৮০০ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৯:৫৯

চট্টগ্রাম নগরের নিমতলা ফ্লাইওভার এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রফিকুল ইসলাম ওরফে আজাদ নামেও পরিচিত।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিমতলা ফ্লাইওভার চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে বন্দর থানা-পুলিশ।

পুলিশ জানায়, বন্দর থানার একটি দল নিমতলা ফ্লাইওভার চেকপোস্টের সামনে সড়কে দায়িত্ব পালন করছিল।

এ সময় রাশেদুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি কালো কাঁধব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার রাশেদুল ইসলামের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি