কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এ মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এরপর আদালত রায়ের দিন ধার্য করেন।
মঙ্গলবার ওই ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, অধিগ্রহণ করা জমিতে অস্তিত্বহীন ২৫টি চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ লাখ ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
এর মধ্যে বিভিন্ন কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
এতে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনকে আসামি করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন।
দুদকের তদন্তে এ ঘটনায় ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তী সময়ে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এখন মামলাটির রায়ের অপেক্ষা।
আগামী ৩০ নভেম্বর আদালতের রায়ে নির্ধারিত হবে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কী সিদ্ধান্ত আসে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


