চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে টহল পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর থেকে বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাঁচলাইশ এলাকার ওই বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল।
রাত সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলার একটি কক্ষে আগুন জ্বলতে দেখে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান এবং আগুন নিভিয়ে ফেলেন।
ওসি মোজাম্মেল হক জানান, তিনতলা ওই ভবনটির নিচতলার কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে কেউ বসবাস করেন না।
তবে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় ওপরের তলাগুলোতে তা ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিসংযোগের এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।
ড. মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে হলেও তাঁর শৈশব ও কৈশোরের দীর্ঘ সময় কেটেছে নগরের পাঁচলাইশের এই বাড়িতে।
উল্লেখ্য, এই ঘটনার আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।


