ঘটনাস্থলেই ইফতেখার,চমেক হাসপাতালে গিয়েও বাঁচলেন না ইরাদ!

হাটহাজারীতে এক দুর্ঘটনায় নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২০:০১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০)। তাঁরা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের মুহাম্মদ হারুনের ছেলে।

দুই ভাইয়ের মধ্যে ইফতেখার বিবাহিত, তাঁর সংসারে স্ত্রী ও এক সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মুহাম্মদ ইফতেখার প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। আজ সকালে ভাইকে সঙ্গে নিয়ে বাজার করার উদ্দেশ্যে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন তাঁরা।

পথে মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মুহাম্মদ ইফতেখার। গুরুতর আহত অবস্থায় মুহাম্মদ ইরাদকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি। তাঁরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

মুহাম্মদ ইফতেখারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নিহত ইফতেখার প্রবাসী ছিলেন, তবে তিনি কোন দেশে কর্মরত ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে মুহাম্মদ ইরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম।

তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইরাদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি