অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, শ্রমিকদের মজুরি এবং নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক ইস্যুতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শুক্রবার গণভোটের গণরায় মেনে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং অগ্নিসন্ত্রাসী ও দালালদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির দাবিতে নগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল করবে দলটি।
পরদিন শনিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং চট্টগ্রাম জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দলটির আইনজীবী শাখার উদ্যোগে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও বিচারিক হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সোমবার শ্রমিক ও পেশাজীবী নেতাদের উদ্যোগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের উদ্যোগে চট্টগ্রামে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মহীনতা ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা সভা হবে।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সমাবেশ ও মিছিল করবে জামায়াত।
একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তী কর্মসূচির মধ্যে ২৬ নভেম্বর আইনজীবী শাখার উদ্যোগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। ২৭ নভেম্বর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
একই দিন ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে শহীদ ডা. মিলন দিবস পালন করা হবে।
এ ছাড়া ২৮ নভেম্বর বাদ পড়া শিশুদের হাম-রুবেলা টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করবে মহানগরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।
২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করবে মহানগরী ওলামা বিভাগ।
কর্মসূচির শেষ দিন ৩০ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন থানায় একই দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা উল্লেখ করেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ঘোষিত কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
কর্মসূচি সফল করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নেতারা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


