চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ এবং তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করার শর্তও দেওয়া হয়েছে ওই বার্তাগুলোতে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঠানো বার্তাগুলোতে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে সতর্ক করা হয়।
গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখলে তাঁর জীবন বিপন্ন করার হুমকি দেওয়া হয় এবং একটি বার্তায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলা হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় জিডি করেন, যার নম্বর ৯০৪।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হুমকিদাতার বিদেশি নম্বরটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


