বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, রাতে নানার বাড়ি থেকে গ্রেপ্তার বাবু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৫:১৯

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়ায় তাঁর নানার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাজিদুল ইসলাম ওরফে সাজিদ মাহমুদ মাঈনুদ্দীন বাবু (২০)। তিনি উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার শাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিদুল ইসলাম নিজের বাড়িতে না থেকে পৌরসভার নেয়াজর পাড়ায় তাঁর নানার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গতকাল দুপুরে বাঁশখালী প্রধান সড়কের মহাজনঘাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই মিছিলে সাজিদুলও অংশ নিয়েছিলেন বলে জানা যায়। নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিল ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তৎপর হয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সাজিদুলের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাতে নেয়াজর পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় বাঁশখালী থানা-পুলিশের একটি দল। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গতকাল দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে সাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে তাঁর নানার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি