চট্টগ্রাম নগরের প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় সব অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরের কোনো এলাকাকেই উন্নয়নের বাইরে রাখা হবে না। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস-অর্থাৎ পুরো শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরের বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পুরোদমে চলবে।
শনিবার (২১ নভেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের নিজস্ব অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে প্রশাসক এসব কথা বলেন।
উদ্বোধন করা সড়কগুলো হলো-ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিগত দুই বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ডা. শাহাদাত হোসেন জানান, এ সময়ে নগরে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে।
বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ওয়ার্ডভেদে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার কাজও সম্পন্ন হয়েছে।
এর ধারাবাহিকতায় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ইতোমধ্যে ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা অলিগলিগুলো সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন চসিক প্রশাসক। প্রতিটি ওয়ার্ডের বেহাল অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস দিয়ে তিনি কাজের গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন।
ঠিকাদারদের উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি কাজের মান নিশ্চিতে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চট্টগ্রামকে একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা চান ডা. শাহাদাত হোসেন। যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।
নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


