“ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম”-নিজের বুকের ওপর হাত রেখে নিভু নিভু কণ্ঠে বলা এই একটি বাক্যই যেন চিরকালের আমানত হয়ে রইল।
আট মাসের অবুঝ শিশুসন্তানকে পৃথিবীতে রেখে যাওয়ার অসহায়ত্ব আর বাবার শেষ আকুতি-সব মিলিয়ে এক হৃদয়বিদারক বিদায়ের সাক্ষী হলো চট্টগ্রাম।
দুই মাসের ছুটিতে দেশে ফেরা কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪) আর ফিরতে পারেননি প্রবাসে। ডেঙ্গু জ্বর কেড়ে নিল তার প্রাণ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নেজাম উদ্দিন পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়ার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে ভাগ্যবদলের আশায় কাতারে পাড়ি জমান পারভেজ। প্রবাসে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে এর আগে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। সর্বশেষ প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি।
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবারও কর্মস্থলে ফেরার কথা ছিল তার। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই সব হিসাব পাল্টে দিল এক সামান্য মশার কামড়।
পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন পারভেজ। শুরুতে বিষয়টি সাধারণ জ্বর মনে হলেও দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থার সংকট দেখা দিলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।
এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে পারিবারিকভাবে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
আদর করে মেয়ের নাম রাখা হয়েছে ফারহিনানা পারভেজ আয়রা। ছোট্ট আয়রা তখনো ঠিকমতো বাবাকে চিনতেও শেখেনি, অথচ এরই মধ্যে হারাল জীবনের সবচেয়ে বড় ছায়া।
হাসপাতালে মৃত্যুর আগ মুহূর্তে পারভেজের পাশে ছিলেন গিয়াস উদ্দিন। সেই শেষ মুহূর্তের কথা স্মরণ করে গিয়াস উদ্দিন বলেন, মৃত্যুর আগে হাতের ইশারায় তাকে কাছে ডেকে নিজের বুকের ওপর তার ডান হাত রেখে পারভেজ বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
একজন বাবার এই শেষ কথাগুলো শুধু একটি পরিবারের শোক নয়, বরং আট মাসের এক শিশুর ভবিষ্যৎ ও অসহায়ত্বের মর্মস্পর্শী দলিল।
প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন নিয়ে তিনি ঘর ছেড়েছিলেন, ছুটিতে দেশে ফিরে সেই স্বপ্নই থমকে গেল চিরতরে।
আক্ষেপের সুরে গিয়াস উদ্দিন আরও বলেন, ‘দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তার। ফিরতে হলো মাটির কবরে।’
অকালে এমন মৃত্যুতে বোয়ালখালীর বাংলা পাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


