সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিন দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, তাঁরা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে।
তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
পতেঙ্গার বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


