বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিন দিন পর আবারও কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে এ রুটে পুনরায় জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এর মধ্য দিয়ে যেমন নতুন পর্যটকদের দ্বীপে যাওয়ার পথ সুগম হয়েছে, তেমনি দ্বীপে আটকে পড়া পর্যটকেরাও নিরাপদে ফিরতে পেরেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে প্রবাল দ্বীপটিতে যান ১ হাজার ৮৭০ জন পর্যটক।
অন্যদিকে, দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে বিকেলে ফিরতি যাত্রা শুরু করে জাহাজগুলো।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে থাকা ৯ শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো বিকেল চারটার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সাগরের পরিস্থিতি শান্ত থাকায় পর্যটকেরা নিরাপদেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন।
পরবর্তীতে শনিবার কাঠের নৌকায় করে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৬০০ পর্যটক বিকল্প পথে কক্সবাজারে ফিরে আসেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।’
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার সকাল থেকে কক্সবাজার উপকূলের ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। সাগর শান্ত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
দীর্ঘ তিন দিন পর নৌপথটি সচল হওয়ায় পর্যটক ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


