ভোটের চ্যালেঞ্জ পেরিয়ে উন্নয়ন ও পরিবেশ রক্ষায় জোর

এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৩১

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে গত এক বছরের কর্মকাণ্ড, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা, জঙ্গল সলিমপুরে প্রাণহানিহীন যৌথ অভিযান, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক ও নাগরিক সেবার নানা উদ্যোগের কথা তিনি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।

২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত ১৮ নভেম্বর তাঁর দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হয়।

এ উপলক্ষে আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিগত এক বছরের কাজের বিবরণ দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, মাঠ প্রশাসনের কাজে বাংলাদেশের বৈচিত্র্যময় জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এখানে এক বছর দায়িত্ব পালনের সুযোগ আমার কর্মজীবনের বড় প্রাপ্তি।

সাগর, পাহাড় ও কর্ণফুলীবেষ্টিত এই জেলায় সরকারের নীতি বাস্তবায়নের পাশাপাশি জলাবদ্ধতা, বন্যা, পাহাড়ধস, অবৈধ দখল, মাদক ও পরিবেশদূষণ মোকাবিলায় প্রশাসন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন ও জঙ্গল সলিমপুর অভিযান
দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলা প্রশাসক জানান, চট্টগ্রামের ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।

যেকোনো পরিস্থিতিতে পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রে পৌঁছানোর আশ্বাস দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির সেই নির্বাচনকে তিনি ‘বাংলাদেশকে জেতানোর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতি অনুসরণ করে কোনো প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে জেলা প্রশাসন। বিষয়টি সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্যের তালিকায় স্থান পেয়েছে।

জেলা প্রশাসক বলেন, সেখানে সরকারি প্রতিষ্ঠান স্থাপন ও পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি বাসিন্দাদের বাসস্থান, খাদ্য ও চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলমান রয়েছে।

দুর্যোগ মোকাবিলা ও মানবিক উদ্যোগ
গত জুলাইয়ের বন্যায় সেনাবাহিনী-পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণ করা হয় ১০০টি ঘর, ৯ আগস্ট প্রধানমন্ত্রী দুর্গত এলাকা সফরও করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে গুলিবিদ্ধ শিশু রেশমা, পাঁচ মাসের শিশু জয়া দাস ও এইচএসসি পরীক্ষার্থী জামশেদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্যানসার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের অটোরিকশা ও হুইলচেয়ার এবং এতিম শিশুদের ঈদের পোশাক ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।

বৃদ্ধাশ্রম ও উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের সহায়তার পাশাপাশি শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ে মালিকপক্ষের সম্পদ বিক্রির উদ্যোগও নেওয়া হয়।

এ ছাড়া সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে মালিক সমিতির মাধ্যমে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির প্রথম দিন ২৫ জুলাই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়। ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার ও মশক নিধন চালানো হয়।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে চট্টগ্রামে দেড় কোটি চারা রোপণের লক্ষ্য ঠিক করা হয়েছে।

এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর জেলার ১৬ উপজেলায় প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে একদিনে এক লাখ চারা রোপণ করা হয়। ডিসি পার্কে এক লাখতম চারাটি রোপণ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।

এ ছাড়া হালদা নদীতে শিল্পবর্জ্য ফেলার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রস্তাব পাঠানো, কর্ণফুলীর দখল-দূষণ রোধে উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কৃষিজমির উর্বর মাটি বাঁচাতে খাল খননের মাটি ইটভাটায় ব্যবহারের প্রস্তাবও সরকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

নাগরিক সেবা, সংস্কৃতি ও অর্জন
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে ‘জিরো এরর পলিসি’ অনুসরণ করা হচ্ছে। নাগরিকদের ভোগান্তি কমাতে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি,
প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি, কারাবন্দীদের স্বজনদের সঙ্গে কথা বলতে ‘স্বজন’ ইন্টারকম, ঈদুল আজহায় নিত্যপণ্যে ‘ফেস্টিভ সেল’ এবং ১০০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা চালু করা হয়েছে।

নগরের সৌন্দর্যবর্ধনে কালেক্টরেট ভবন, জিরো পয়েন্ট, ডিসি হিল, নজরুল স্কয়ার, নজরুল মঞ্চ, ডিসি বাংলো মসজিদ, সার্কিট হাউস ও জেলা স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে।

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হয় এবং নববর্ষে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আলপনায় সাজানো হয়।

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ নিরাপত্তার পাশাপাশি জেএম সেন হলে প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সংকট নিরসনে চুয়েট উপাচার্যকে ৩০ ঘণ্টা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার মহাসড়ক অবরোধ নিরসনে প্রশাসন ভূমিকা রাখে; আন্দোলনকারীদের আট দফা দাবির অধিকাংশ ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

পাশাপাশি তুরস্কের আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েটের ‘টিম স্টার‍্যাপ্টর’ কে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ শিক্ষার্থী নিবন্ধন, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে।

আগামী দিনের চ্যালেঞ্জ ও প্রত্যাশা
সরকারি সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু শাস্তির ভয় দেখিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

তরুণ প্রজন্মের সচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক মতপ্রকাশ ইতিবাচক পরিবর্তন আনবে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি চাই না, আমার সন্তান এই দেশ ছেড়ে চলে যাক। আমরা সবাই একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই।

জঙ্গল সলিমপুরের টেকসই উন্নয়ন, নদীদূষণ ও জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখল প্রতিরোধ এবং সরকারি সেবার মানোন্নয়নকে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, গোয়েন্দা সংস্থা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনেও সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি