বঙ্গোপসাগরের বুকে রণপ্রস্তুতি: চূড়ান্ত মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:২৭

সশস্ত্র বাহিনীর তিন শাখার স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত প্রথমবারের মতো বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে।

বিশেষ এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একযোগে অংশ নিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী চূড়ান্ত এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এছাড়া তিনি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কৌশলগত ও অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর নিজস্ব সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের মতো অভিজাত স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে এমন যৌথ মহড়া এবং তাতে সরকারপ্রধানের উপস্থিতি এবারই প্রথম।

নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি