সিলেটে বদির ছেলে শাওন ও ভাই আমিনসহ ৪ জন গ্রেপ্তার

বারবার অবস্থান বদলেও শেষ রক্ষা হলো না

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৪

গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন এবং নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নিয়েও শেষ রক্ষা হলো না।

পাঁচ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জল্লারপাড় এলাকার ‘হোটেল গ্র্যান্ড প্যালেস’ থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের হাতে আটক চারজন হলেন-সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন, বদির ঘনিষ্ঠ সহযোগী ও সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সিলেট নগরীতে আত্মগোপন করে আছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর আগে গ্রেপ্তার এড়াতে তারা নগরীর বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে ফেলে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল।

রাত পৌনে ১টার দিকে হোটেলের ভেতরে মূল অভিযান শুরু হয়। সেখানে অবস্থানরত বোর্ডারদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে চুলচেরা যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করা সম্ভব হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট মামলার তথ্য এবং তাদের আটকের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

আত্মগোপনের কৌশল হিসেবে তারা হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলেও প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার জেলা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

উভয় ইউনিটের পুলিশ সদস্যরা সিলেটে এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি