back to top

চট্টগ্রাম-ফেনীতে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ০৬:১৪

চট্টগ্রামের বাকলিয়া ও মিরসরাই এবং ফেনীর ছাগলনাইয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, গোপন সোর্সের তথ্য মতে বাঁশখালী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পলাতক আসামি মো. শহিদুল ইসলাম (৩৫)র অবস্থান নিশ্চিত হয়ে রবিবার (২০ জুলাই) বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের টিম। অভিযানে গ্রেপ্তার হয় পলাতক আসামি শহিদুল।

একই দিন পৃথক অপর অভিযানে গ্রেপ্তার হয় ফেনী সদর থানায় দায়ের করা ধর্ষণ ও জালিয়াতির মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি রুকসানা পারভীন লিনা (৩৫)। তাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সবশেষে তার দেওয়া তথ্য মতে একই মামলার ২ নম্বর আসামি শাহাদাৎ হোসেন ওরফে মিন্টু মেম্বার (৭৩)কে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানিক টিম।

আজ সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।