জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।
রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও শোকরানা নামাজ আদায়ের খবর পাওয়া গেছে, আবার কোথাও রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। বিভিন্ন এলাকার মানুষের মাঝে উচ্ছ্বাস প্রকাশের খবরও মিলছে।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষে মৃত্যুদণ্ড দিয়েছিল। হাসিনার রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার পরের সময়কার, যা এখন আবার ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
সেখানে দেখা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘ দিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে এক দিন হাসিনার ফাঁসি হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার মধ্য দিয়ে তার সেই কথাই আজ সত্য হলো।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।



