back to top

বাঁশখালীতে ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১০

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে চট্টগ্রামের বাঁশখালী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বইলছড়ি ইউনিয়নে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর থানার মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ওই এলাকায় চেকপোস্ট বসায়।

এ সময় একটি সন্দেহজনক টেম্পো থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টেম্পোর ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।