ক্ষমতার অপব্যবহার ও দীর্ঘদিনের রাজনৈতিক দখলদারিত্বের কারণে হাটহাজারীর কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–৫ (হাটহাজারী, বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধি করলেও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে পারেনি।
শনিবার (৩১ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি লেংগার দোকান, মাদার্শা হাইস্কুল (জোড়পুকুর), তেমহনী বাজার, ছৈয়দ আহম্মদ হাট, রোসিঙ্গা ঘোনা, মাছোয়াঘোনা, বদিউল আলম হাট, লোহারপুল, মাহলুমা বাজার, মাদারীপুল ও বাড়িয়াঘোনা এলাকার বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে সমর্থন চান।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, ‘গত দেড় দশকে হাটহাজারীতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করে ক্ষমতায় টিকে থাকা গোষ্ঠীর কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।’
তিনি আরও বলেন, নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে যাওয়া ও ভোট প্রদান শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইনশাআল্লাহ, নারী ভোটারদের বিপুল সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষেই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মীর হেলাল বলেন, ধানের শীষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। অতীতেও দেশের নারীরা গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



