সিটিজি নিউজ টুডে : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে সফলভাবে উড্ডয়ন করেছে।
রবিবার (১ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকালে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি) বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়।
এর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-১৫১ (ঢাকা-চট্রগ্রাম-শারজাহ) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্রগ্রাম-দোহা) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৫টায়।
আগমনী ফ্লাইটের মধ্যে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম) শারজাহ থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল সাড়ে ৩টায়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম) দুবাই থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল ৩টায়।
সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম) মাস্কাট থেকে ডিপার্চারের সম্ভাব্য স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। চলমান পরিস্থিতি বিবেচনায় শনিবার এই ছয়টি ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি।
জনসংযোগ কর্মকর্তা জানান, উল্লেখিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বজায় রাখার জন্য স্ব স্ব এয়ারলাইনসগুলো কাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


